সারাদেশ

নবীন ফ্যাশনের দোকান ২৪ ঘণ্টার মধ্যে খুলতে আদালতের নির্দেশ

প্রকাশিত: 25 Mar, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

নবীন ফ্যাশনের দোকান ২৪ ঘণ্টার মধ্যে খুলতে আদালতের নির্দেশ

রাজধানীর মগবাজার এলাকায় ‘নবীন ফ্যাশন’-এর একটি পাঞ্জাবির দোকান জোর করে বন্ধ করে দেওয়ার ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। বুধবার বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বতঃপ্রণোদিত হয়ে এই নির্দেশনা দেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি আদালতের নজরে আসে। সেখানে উল্লেখ করা হয়, মগবাজারের ‘বিশাল সেন্টার’ মার্কেটে অবস্থিত দোকানে কিছু ব্যক্তি পুলিশের উপস্থিতিতে গিয়ে দোকানটি বন্ধ করতে বলে। ওই সময় কয়েকজনকে উত্তেজিত আচরণ করতে দেখা যায় এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় অবস্থায় দেখা গেছে।

এ ধরনের পরিস্থিতিতে পুলিশের নিষ্ক্রিয়তা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে বলে আদালত মন্তব্য করেন। পাশাপাশি, পুলিশের এই ভূমিকা কেন বেআইনি ও পেশাগত দায়িত্বের পরিপন্থী হিসেবে গণ্য করা হবে না—তা জানতে চেয়ে সংশ্লিষ্ট ওসিকে তিন দিনের মধ্যে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন:  উদ্বোধনের আগেই সড়কে ধস: প্রকল্প পরিচালক ও প্রকৌশলী বরখাস্ত

একই সঙ্গে, বন্ধ হয়ে যাওয়া ‘নবীন’ ব্র্যান্ডের দোকানটি ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে গিয়ে পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন বিচারক। এছাড়া, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয়সহ বিস্তারিত তথ্য আদালতে জমা দিতে বলা হয়েছে থানার ওসিকে।

এই আদেশের কপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ঈদুল ফিতরের আগের দিন ২০ মার্চ একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রির কারণে আশপাশের কিছু ব্যবসায়ী মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর দোকান বন্ধ করে দেয়।

এই পোস্টটি শেয়ার করুন: