সারাদেশ

শেখ মুজিবের ছবিযুক্ত পুরোনো নোট আবার বাজারে ছাড়া হচ্ছে

প্রকাশিত: 25 Mar, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

শেখ মুজিবের ছবিযুক্ত পুরোনো নোট আবার বাজারে ছাড়া হচ্ছে

বাংলাদেশ ব্যাংকের কাছে গচ্ছিত শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকার নোট সিলগালা করে নতুন ডিজাইনের নোট ছাপিয়ে বাজারে ছেড়েছিল সদ্যবিগত অন্তর্বর্তী সরকার। তবে, নির্বাচিত সরকার আসার পর এখন সেই সিলগালা নোট বাজারে ছাড়া হচ্ছে আবার।

এ বিষয়ে ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনেই পুরনো ডিজাইনের নোট বিনিময় করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, যেহেতু এসব নোট নিষিদ্ধ করা হয়নি, তাই বিতরণে বাধা নেই।

জুলাই অভ্যুথানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ভাস্কর্যগুলো ভেঙে ফেলে আন্দোলনকারীরা। পরে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ মুজিবের ছবিযুক্ত নোট বাজারে ছাড়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং নতুন ডিজাইনের নোটের প্রচলন ঘটায়।

নবনির্বাচিত সরকার এসে নতুন ডিজাইনের নোট ছাপানোর পেছনে অর্থ অপচয় বন্ধের সিদ্ধান্ত নেয়। এর ফলে, বাংলাদেশ ব্যাংকে সিলগালা অবস্থায় থাকা শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত পুরনো নোট আবার বাজারে ছাড়া হচ্ছে এখন।

আরও পড়ুন:  রেমিট্যান্স নিয়ে বিশেষ নির্দেশনা জারি বাংলাদেশ ব্যাংকের

সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ২০২৫ সালের ঈদুল আযহার সময়ে পুরোনো ছাপের নোটগুলা বিতরণ বন্ধ হয়। তারপরই বাংলাদেশ ব্যাংক থেকে সেটা উদ্ধার করা হয়েছিলো। তারপরই ওটা যথারীতিভাবে আমরা চলমান রাখি। যেভাবে বিতরণ করা যায়, সেই সময় থেকেই করছি।

চাহিদার চেয়ে নতুন ডিজাইনের নোটের সরবরাহ কম থাকায় আগের ছাপানো নোট বাজারে ছাড়া হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, ৯ প্রকার নোট ছাপাতে গিয়ে চাহিদার সঙ্গে আমরা গতি রাখতে পারছিলাম না। যেহেতু নিষিদ্ধ করা হয় নাই, মার্কেটের চাহিদা আছে। চাহিদার অনুপাতে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে ঘাটতি দেখা যাচ্ছে। আমাদের কাছে কিছু আগের ডিজাইনের নোট প্রিন্ট করা আছে; সেগুলি পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন: