সারাদেশ

দৌলতদিয়া ফেরিঘাটে তরমুজবোঝাই ট্রাকের দুর্ঘটনা, তিনজন রক্ষা

প্রকাশিত: 25 Mar, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

দৌলতদিয়া ফেরিঘাটে তরমুজবোঝাই ট্রাকের দুর্ঘটনা, তিনজন রক্ষা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে একটি তরমুজবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। বুধবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে এ ঘটনা ঘটে। এতে ট্রাকচালক ও তরমুজ ব্যবসায়ীসহ তিনজন নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন।

ট্রাকচালক মো. মোখলেস হাওলাদার জানান, পটুয়াখালীর গলাচিপা থেকে ১ হাজার ৭০০ পিস তরমুজ নিয়ে তারা গাজীপুরের উদ্দেশে যাচ্ছিলেন। দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের ঢালু বাইপাস সড়ক দিয়ে ফেরিতে ওঠার সময় হঠাৎ ট্রাকের হাইড্রোলিক ব্রেকের পাইপ ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে যেতে থাকে। ভাগ্যক্রমে পন্টুনের বাইরের দিকের উঁচু অংশে ধাক্কা লেগে ট্রাকের এক্সেল ভেঙে আটকে যায়। ফলে ট্রাকটি নদীতে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়।

তরমুজের মালিক মো. ফয়সাল জানান, নিজেদের ক্ষেতের ৩৫ হাজার টাকার তরমুজ নিয়ে তারা গাজীপুর যাচ্ছিলেন। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও তাদের বড় অংকের আর্থিক লোকসান গুনতে হচ্ছে। ট্রাকটি উদ্ধারে রেকার ভাড়া ৪ হাজার ৮০০ টাকা, পণ্য স্থানান্তরে নতুন ট্রাক ভাড়া ১০ হাজার ৫০০ টাকা এবং শ্রমিক খরচ বাবদ ৪ হাজার টাকাসহ মোট ১৯ হাজার ৩০০ টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে। তিনি অভিযোগ করেন, ট্রাকটির ইঞ্জিন দুর্বল থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন:  দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস, হতাহতের শঙ্কা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহ উদ্দিন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। বর্তমানে ট্রাক থেকে তরমুজ আনলোড করা হচ্ছে। এরপর বিআইডব্লিউটিসির নিজস্ব রেকার দিয়ে ট্রাকটি পন্টুন থেকে সরিয়ে নেওয়া হবে।

৭ নম্বর ফেরিঘাটের টার্মিনাল সহকারী (টিএ) কাজী নবীন জানান, ট্রাকটি পন্টুনের একপাশে আটকে থাকলেও ফেরিতে যানবাহন পারাপারে কোনো সমস্যা হচ্ছে না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন: