বিয়ের আগে ব্যাচেলরেট ট্রিপে রাশমিকা মন্দানা
প্রকাশিত: 18 Dec, 2025
দক্ষিণী তারকা রাশমিকা মন্দানা সাম্প্রতিক শ্রীলঙ্কা ভ্রমণ করেছেন। তার সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে তাকে ঘনিষ্ঠ বান্ধবীদের সঙ্গে দেখা গেছে। রাশমিকা জানান, কাজের ব্যস্ততার ফাঁকে দু’দিনের ছুটি উপভোগ করতেই এই ভ্রমণের পরিকল্পনা করেন।
ছবিতে রাশমিকার হাতে একটি হীরার আংটি দেখা গেছে। এটি তার অনামিকায় পরা থাকায় অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে, তিনি কি বিজয় দেবরকোন্ডার সঙ্গে বাগদান সেরেছেন। অনেকেই এটিকে বিয়ের আগের বিশেষ উদযাপন বলে ধরে নিচ্ছেন।
এর আগে শোনা গিয়েছিল, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের উদয়পুরে এই তারকা জুটির বিয়ে হতে পারে। তবে এসব নিয়ে এখনো পর্যন্ত দু’জনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি। নীরবতা রহস্য আরও বাড়িয়েছে।
শ্রীলঙ্কা সফরের ছবি আর আংটির ঝলক দেখে কেউ কেউ বলছেন, বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আবার অনেকের মতে, এটি কেবলই বন্ধুদের সঙ্গে কাটানো একটি সাধারণ ছুটি। সত্যিটা যাই হোক, রাশমিকা ও বিজয়কে ঘিরে আগ্রহ আরও বেড়েছে।