জান্নাতের পাশে মানবিক সহায়তা নিয়ে হাজির তারেক রহমান
প্রকাশিত: 22 Dec, 2025
অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারিয়ে দারিদ্র্যের মধ্যে সংগ্রাম চালিয়ে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার জান্নাতুল আরফিন। ঢাকা পোস্টে তার জীবনসংগ্রামের সংবাদ প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পাশে দাঁড়িয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিএনপির পক্ষ থেকে মানবিক সহায়তা নিয়ে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি জান্নাতুল আরফিনের পরিবারের সদস্যদের সহায়তা প্রদান করেন।
জান্নাতের সম্পর্কে জানা গেছে, তিনি নোয়াখালীর গাজীরহাট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেন। এরপর ফেনীর জিয়া মহিলা কলেজে ভর্তি হয়ে সেখান থেকেও জিপিএ-৫ নিয়ে এইচএসসি শেষ করেন।
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রায় ৫০ হাজার টাকা ব্যয় করেন তিনি। প্রথমবার কাঙ্ক্ষিত ফল না পেয়ে হতাশ হন, পরে আবার চট্টগ্রামে কোচিংয়ে ভর্তি হয়ে আরও ৫০ হাজার টাকা খরচ করেন। পরিশেষে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল পরীক্ষায় ৪ হাজার ৪১তম স্থান অর্জন করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান।
এ বিষয়ে জান্নাতুলের মা শাহিদা আক্তার বলেন, খুব কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন, তবুও মেয়েকে হাল ছাড়তে দেইনি। তিনি তারেক রহমানের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জান্নাত জানান, স্বপ্নের মেডিকেলে চান্স পাওয়ায় তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক হয়ে দরিদ্রদের সেবা করতে চান।
স্থানীয় বাসিন্দা মো. ওমর ফারুক বলেন, জান্নাত অত্যন্ত মেধাবী শিক্ষার্থী এবং তার সাফল্য সকলের জন্য অনুপ্রেরণা।
জয়নুল আবদিন ফারুক বলেন, জান্নাতের পাশে থাকার বিষয়টি আমাদের জন্য গর্বের। তিনি জানান, নির্বাচনের পরে জান্নাতের সকল দায়িত্ব গ্রহণ করার মানসিকতা রয়েছে।
এ সময় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।