জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সৌন্দর্য বৃদ্ধির কাজ করবে ডিএনসিসি

প্রকাশিত: 09 Jan, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সৌন্দর্য বৃদ্ধির কাজ করবে ডিএনসিসি

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে অব্যবহৃত জায়গাগুলোকে সৌন্দর্য বৃদ্ধি গণপরিসর গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে উত্তরায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের জায়গা পরিদর্শনের সময় এ কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের জায়গাগুলো পরিচ্ছন্নতার আওতায় এনে এখানকার সৌন্দর্য বৃদ্ধির কাজ করবো। পাশাপাশি ফুল গাছসহ বসার ব্যবস্থার মাধ্যমে গণপরিসর সৃষ্টি করবো।

এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অব্যবহৃত খালি জায়গা বুঝে নেওয়ার জন্য ৫ সদস্যের কমিটি গঠন করে দিয়েছিল সংস্থাটি।

সবুজায়ন করার পাশাপাশি প্রাণবন্ত করে তুলতে এবং নগরবাসীর জন্য নিরাপদ ও আকর্ষণীয় গণপরিসর গড়ে তুলতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অব্যবহৃত স্থানগুলো ডিএনসিসি সবুজায়ন, ল্যান্ডস্কেপিং, পথচারীবান্ধব অবকাঠামো এবং জনসাধারণের জন্য উন্মুক্ত বিনোদনমূলক স্থান উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করবে। এর মাধ্যমে নগরবাসীর জন্য তৈরি হবে নতুন প্রাণবন্ত গণপরিসর, যা একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে নাগরিক জীবনে আনবে নান্দনিক পরিবর্তন।

এই পোস্টটি শেয়ার করুন: