ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে দ্বিতীয় সচিব পদে নিয়োগ
প্রকাশিত: 16 Jan, 2026
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না। নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক গতকাল ১৫ জানুয়ারি এ প্রজ্ঞাপনে সই করেন। গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণাকালে রাজধানীর পুরানা পল্টনের পল্টন মডেল থানার বক্স কালভার্ট সড়কে রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। অবস্থার অবনতি হলে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।