সরে গেলেন ভোলা-২ আসন থেকে জামায়াত প্রার্থী
প্রকাশিত: 24 Jan, 2026
ভোলা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে।
কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত ও বৃহত্তর ঐক্যের স্বার্থে এই আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, বর্ষীয়ান আলেমে দ্বীন মুফতি মাওলানা ফজলুল করিমের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি, ২০২৬) এক বিশেষ বার্তায় ভোলা-২ আসনের নির্বাচন পরিচালক মো: মাকসুদূর রহমান ভোটারদের উদ্দেশ্যে এই সিদ্ধান্তের কথা জানান।
বার্তায় মাকসুদূর রহমান উল্লেখ করেন, বিগত এক বছর ধরে বোরহানউদ্দিন ও দৌলতখানের প্রতিটি অলিগলি এবং ঘরে ঘরে গিয়ে তারা যে গণজোয়ার ও ভালোবাসা পেয়েছেন, তা তাদের কাছে অমূল্য সম্পদ। জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন থাকা সত্ত্বেও সংগঠনের শৃঙ্খলার স্বার্থে এই 'কঠিন সিদ্ধান্ত' নিতে হয়েছে।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন: সাংগঠনিক শৃঙ্খলা: কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত মেনে চলা। উম্মাহর ঐক্য: বৃহত্তর ইসলাহী স্বার্থ এবং ইসলামী শক্তির ঐক্য বজায় রাখা। আদর্শিক দৃঢ়তা: এটি কোনো ভয় বা দুর্বলতা নয়, বরং আল্লাহর সন্তুষ্টির পথে একটি কৌশলগত অবস্থান।
"আমাদের সম্পর্ক শুধু ব্যালট পেপারে সীমাবদ্ধ নয়; এটি ঈমান, আদর্শ ও আখিরাতের সম্পর্ক। আজকে আমরা এক ধাপ পিছিয়ে এলেও, ইনশাআল্লাহ আদর্শ ও ন্যায়ের সংগ্রাম এক মুহূর্তের জন্যও থেমে থাকবে না।" মো: মাকসুদূর রহমান (আসন পরিচালক, ভোলা-২)
হঠাৎ এই ঘোষণায় সাধারণ ভোটার ও সমর্থকদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিলেও, ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানানো হয়েছে। তিনি সমর্থকদের আশ্বস্ত করে বলেন, নির্বাচন না করলেও সত্য, ন্যায় ও ইনসাফ কায়েমের লড়াইয়ে জামায়াতে ইসলামী সবসময় ভোলা-২ আসনের মানুষের পাশে থাকবে।
এই ঘোষণার পর ভোলা-২ আসনের নির্বাচনী মাঠে নতুন মেরুকরণ শুরু হয়েছে। জামায়াতের এই সরে দাঁড়ানো অন্য প্রার্থীদের জয়ের সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।