রাজনীতি

তারেক রহমানের ফেনী জনসভা ঘিরে প্রস্তুতি ও নিরাপত্তা জোরদার

প্রকাশিত: 24 Jan, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

তারেক রহমানের ফেনী জনসভা ঘিরে প্রস্তুতি ও নিরাপত্তা জোরদার

প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রোববার ফেনীতে জনসভায় বক্তব্য দেবেন। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪টায় এই নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে।

জনসভার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মাঠের পূর্ব পাশে বিশাল মঞ্চ নির্মাণ, আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন এবং বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। সভাস্থলের চারপাশে কয়েক স্তরের ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং নেতাকর্মীদের প্রবেশপথ সুনির্দিষ্ট করা হচ্ছে। মাঠের পাশের ভবনে তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন সাঁটানো হয়েছে।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, তারেক রহমানের এই জনসভা অতীতের সব রাজনৈতিক সমাবেশের রেকর্ড ভেঙে দেবে। জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ধানের শীষের প্রার্থীরা এ আয়োজনে তদারকি করছেন।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, জনসভাস্থলে একটি বিশাল ও আধুনিক মঞ্চ নির্মাণের কাজ শেষ পর্যায়ে। দলীয় নেতাকর্মীদের সমাগম ও সাধারণ মানুষের নিরাপদ উপস্থিতি নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরাপত্তার বিষয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ চলমান রয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, তারেক রহমানের আগমন ঘিরে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের প্রবেশপথ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব পয়েন্টে সর্বোচ্চ সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে।

দলীয় সূত্রে জানা যায়, জনসভায় ফেনী ছাড়াও নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। তিন জেলার বিভিন্ন সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এ জনসভায় পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

এদিকে এ সফরে শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি মহাসমাবেশে অংশ নেবেন তিনি। এরপর বিকেলে ফেনী হয়ে কুমিল্লার বিভিন্ন স্থানে নির্বাচনি জনসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। রাতে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের কাঁচপুরে সর্বশেষ জনসভায় অংশ নেবেন তারেক রহমান।

এই পোস্টটি শেয়ার করুন: