মালয়েশিয়ায় ভিসা অপব্যবহারকারী বিদেশিদের বিরুদ্ধে কঠোর অভিযান
প্রকাশিত: 30 Jan, 2026
মালয়েশিয়া সরকার পর্যটন ভিসার অপব্যবহার করে দেশটিতে অবৈধভাবে কাজ করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এ ধরনের অনিয়মে জড়িত বিদেশি নাগরিকের সংখ্যা ৫৪ হাজারেরও বেশি, যাদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন।
শুক্রবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়া সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল এ ঘোষণা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যারা পর্যটক বা সামাজিক ভিসায় মালয়েশিয়ায় এসে অবৈধভাবে কাজে জড়াচ্ছেন, তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
ফাহমি ফাজিল জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ৭৯১ জন বিদেশি নাগরিক ভিসা আইন ভেঙেছেন। ২০২৫ সালে দেশজুড়ে অভিযান চালিয়ে ৫১ হাজার ১০০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত আরও ৩ হাজার ৬৯১ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
মালয়েশিয়া সরকার বলছে, অনেক বিদেশি পর্যটন ভিসায় মালয়েশিয়ায় ঢুকে গোপনে চাকরি করছেন, যা দেশটির অভিবাসন আইনের সরাসরি লঙ্ঘন। এই পরিস্থিতি মোকাবিলায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে এবং ভিসা অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।