জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবি ইনকিলাব মঞ্চের
প্রকাশিত: 03 Feb, 2026
জুলাই বিপ্লবের অন্যতম শহীদ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে রাষ্ট্রীয় গড়িমসি এবং অসহযোগিতার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছে ইনকিলাব মঞ্চ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি জানায়। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর জন্য চূড়ান্ত আল্টিমেটাম প্রদান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, ওসমান বিন হাদি হত্যা মামলার বাদী হওয়া সত্ত্বেও তাকে তদন্তের কোনো অগ্রগতি জানানো হচ্ছে না। তিনি দাবি করেন, রাষ্ট্রীয় পর্যায় থেকে তদন্ত প্রক্রিয়ায় অসহযোগিতা করা হচ্ছে এবং মামলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদ্দেশ্যমূলকভাবে গোপন রাখা হচ্ছে।
জাবের বলেন, দেশে বিদ্যমান বিচারিক প্রক্রিয়ায় এই হত্যাকাণ্ডের সঠিক বিচার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে, তাই আন্তর্জাতিক হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা করে আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে যদি হত্যার বিচার নিশ্চিত না হয়, তবে এর পরিণতি ভয়াবহ হবে। হাদি হত্যার বিচার নিশ্চিত না করে যদি কোনো দল নির্বাচনে অংশ নেয় এবং তার ফলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়, তবে এর দায়ভার ওই দলগুলোকেই নিতে হবে। বিচারের দাবি উপেক্ষা করে ক্ষমতার রাজনীতি মেনে নেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে না পারার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, গত চার দিন ধরে নিরবচ্ছিন্ন চেষ্টা করেও ড. মুহাম্মদ ইউনূসের দেখা পাওয়া সম্ভব হয়নি। শহীদ পরিবারের প্রতিনিধি ও আন্দোলনের সংগঠকদের সঙ্গে প্রধান উপদেষ্টার এই দূরত্বকে তিনি দুঃখজনক বলে অভিহিত করেন। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করা এবং জাতিসংঘকে সম্পৃক্ত করার জোরালো দাবি জানানো হয়েছে।
আরটিভি/এআর