সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার দাবি
প্রকাশিত: 08 Feb, 2026
চলতি বছর একুশে পদক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে সাহিত্যে কোনো ব্যক্তি এবার এই সম্মান না পাওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এর মধ্যেই সাবেক টেলিভিশন উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার একটি ফেসবুক পোস্ট দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।
ওই পোস্টে তিনি ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার দাবি জানান। নিজের লেখাটিকে ‘সিরিয়াস পোস্ট’ হিসেবে উল্লেখ করে তুষার বলেন, ‘সালমান মুক্তাদিরকে একুশে পদকের জন্য বিশেষভাবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছেন তিনি। সালমান নাকি প্রথম ব্যক্তি যিনি ইংরেজি অক্ষরে বাংলা ভাষায় বই লিখেছেন।’
উল্লেখ্য, সালমান মুক্তাদির সামাজিক বিভিন্ন ইস্যুতে নিয়মিত মত প্রকাশ করলেও বাংলা হরফে লেখালেখি করেন না। তিনি সাধারণত ইংরেজি অক্ষর ব্যবহার করে বাংলা বাক্য লিখে থাকেন।
এই অভ্যাসের কারণে অতীতেও তাঁকে নানা সময় সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়তে হয়েছে। আব্দুন নূর তুষারের পোস্টেও মূলত এই বিষয়টিকেই কেন্দ্র করে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে।
২০২৬ সালের একুশে পদকের জন্য মোট ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু এবং জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ আরও অনেকে। একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান হিসেবে বিবেচিত।