সারাদেশ

পটুয়াখালীতে বিএনপি নেতাকে ৫০ লাখ টাকাসহ আটক

প্রকাশিত: 12 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

পটুয়াখালীতে বিএনপি নেতাকে ৫০ লাখ টাকাসহ আটক

পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের এক কর্মীকে বস্তা ভর্তি টাকাসহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার রাত ১০টার দিকে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম কাজল মৃধা, যিনি কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের টহল দল সেখানে অভিযান চালায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে সন্দেহভাজনের সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নগদ টাকাসহ তাকে আটক করে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা মো. রাব্বি ইসলাম রনি, এনএসআই প্রতিনিধি, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধারকৃত অর্থ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বিতরণ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান অভিযোগ করে বলেন, আটক কাজল মৃধার বাসা বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের বাসার পাশেই। তিনি দাবি করেন, ‘কয়েকদিন ধরে শুনছিলাম ভোটারদের মধ্যে টাকা বিতরণ করা হচ্ছে। আজ কোস্টগার্ডের হাতে টাকা সহ ধরা পড়ার পর অভিযোগের সত্যতা স্পষ্ট হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘটনা আমার নির্বাচনী পরিবেশের জন্য অত্যন্ত খারাপ সংকেত এবং সুষ্ঠু ভোট নিয়ে প্রশ্ন তৈরি করছে।’ এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্টগার্ড জানিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন: