পুতিনের সঙ্গে দেখা না পেয়ে বৈঠক ত্যাগ করলেন শেহবাজ শরীফ
প্রকাশিত: 13 Dec, 2025
তুর্কমেনিস্তানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ফোরামে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বৈঠক নির্ধারিত ছিল। কিন্তু ৪০ মিনিট অপেক্ষা করার পরও পুতিনের উপস্থিতি না পেয়ে বৈঠক কক্ষ ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী।
এই বৈঠকটি তুর্কমেনিস্তানের স্থায়ী নিরপেক্ষতার ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল। তবে এর আগে পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে লিপ্ত হন, যা নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটির ভারতের বিভাগ জানায়, শেহবাজ শরীফ তার পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ আলাদা কক্ষে রুশ প্রেসিডেন্টের অপেক্ষায় ছিলেন। অপেক্ষাকালে তিনি বিরক্ত হয়ে পড়েন।
অবশেষে তিনি পুতিন–এরদোয়ানের বৈঠকের স্থানে প্রবেশ করেন, তবে তাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে, অনেকেই এটিকে কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ বলে মন্তব্য করেছেন।