ভালুকার ভোটকেন্দ্রে সিসিটিভিতে ধরা পড়ল অনিয়ম
প্রকাশিত: 12 Feb, 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনের একটি ভোটকেন্দ্রে অনিয়মের ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা আড়াইটার পর পাঁচজন তরুণের একটি দল কেন্দ্রে প্রবেশ করে। তারা একটি বুথে ঢুকে ব্যালট পেপারে সিল মারতে শুরু করেন, যখন বুথে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মী উপস্থিত ছিলেন না।
ভিডিওতে দেখা যায়, দুজন ব্যালট পেপারে সিল মারছেন এবং অন্য তিনজন সেই ব্যালট পেপার ভাজ করে বাক্সে ভরছেন। আরও তিনজনকে সেখানে উপস্থিত দেখা যায়।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, সিসিটিভি ক্যামেরায় ঘটনা দেখার পরপরই সেখানে পুলিশ ও ম্যাজিস্ট্রেট যান। প্রিসাইডিং কর্মকর্তার দুর্বলতা ছিল বলে তাকে অব্যাহতি দিয়ে অন্য কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, কিছু ব্যালট পেপার জব্দ করা হয়েছে এবং কোন প্রার্থীর লোকজন এটি করেছে, সেটি আরও যাচাই বাছাই করা হচ্ছে। জেলা রিটার্নিং কর্মকর্তা মো.সাইফুর রহমান বলেন, বিষয়টি আলোচনায় আসার পরপরই কয়েকজনকে শাস্তি দেয়া হয়েছে এবং তারা কোন প্রতীকে সিল মেরেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।