জাতীয়

দেশের ইতিহাসে সবচেয়ে কমবয়সী এমপি হান্নান মাসউদ

প্রকাশিত: 13 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

দেশের ইতিহাসে সবচেয়ে কমবয়সী এমপি হান্নান মাসউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী–৬ (হাতিয়া) আসন থেকে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

নির্বাচনি হলফনামা অনুযায়ী, হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি, যা তাকে ২৬ বছর ১ মাস বয়সী করে। এই বয়সে তিনি দেশের ইতিহাসে সবচেয়ে কমবয়সী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এবারের নির্বাচনেই প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

হান্নান মাসউদ জুলাই গণ–অভ্যুত্থানে সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পান এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। নির্বাচনে তিনি শাপলা কলি প্রতীক নিয়ে অংশ নেন। হলফনামায় তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন, যিনি আলিম (উচ্চমাধ্যমিক সমমান) পাস এবং ঢাকায় ডিজিল্যান্ট গ্লোবাল নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক।

হলফনামায় তার বাৎসরিক আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা রয়েছে ১ হাজার ৫৫ টাকা। এছাড়া বন্ড, ঋণপত্র ইত্যাদি খাতে এক লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান ধাতু ৮ লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী এক লাখ টাকা ও আসবাব রয়েছে এক লাখ টাকা।

গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি তাকওয়া মসজিদে হান্নান মাসউদ শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এবং তিনি জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন: