জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
প্রকাশিত: 16 Feb, 2026
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোমবার সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এ উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সৌন্দর্য বর্ধনসহ বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতকাল রোববার থেকে সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ শ্রদ্ধা জানানোর পরেই সর্বসাধারণের জন্য আবার স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন আনোয়ার হোসেন খান আনু।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় নতুন মন্ত্রীসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই দিনে সকালে শপথ গ্রহণ করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা।