মুন্সীগঞ্জে অজ্ঞাত রোগে সাড়ে ৬ হাজার কোয়েল পাখির মৃত্যু
প্রকাশিত: 22 Feb, 2026
মুন্সীগঞ্জে অজ্ঞাত রোগে এক দিনে সাড়ে ৬ হাজার কোয়েল পাখির মৃত্যু হয়েছে। শনিবার থেকে রোববার ২৪ ঘণ্টায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মাধ্যচর গ্রামে এই পাখিগুলোর মৃত্যু হয় বলে খামারির দাবি।
মরিয়ম পোল্ট্রি এন্ড কোয়েল পাখি খামারের স্বত্বাধিকারী সুফিয়ান জানান, তিনি অর্থনৈতিকভাবে অস্বচ্ছল। এনজিওসহ বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে কয়েক মাস আগে প্রায় ৮ হাজার কোয়েল বাচ্চা কিনে খামার শুরু করেন। কিছুদিনের মধ্যেই পাখি ডিম দেওয়া শুরু করে। প্রতিদিন ডিম বিক্রি করে তার আয় হতো প্রায় ১২ থেকে ১৩ হাজার টাকা।
সুফিয়ান বলেন, হঠাৎ এক দিনের মধ্যেই খামারে বিপর্যয় নেমে আসে। পাখিগুলো ঝিমিয়ে পড়তে থাকে এবং প্রতি মিনিটে শত শত পাখি মারা যেতে থাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করেও পাখিগুলোকে রক্ষা করা সম্ভব হয়নি। যেগুলো এখনো বেঁচে আছে সেগুলোর অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
এতে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৬ লাখ টাকা। তিনি, তার পরিবার এবং আরও তিনজন শ্রমিক এই খামারে কাজ করতেন।