নূর হোসেনের ভাই নূর ছালাম গ্রেপ্তার, হত্যাসহ আট মা/মলা
প্রকাশিত: 16 Dec, 2025
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন হত্যা মামলার প্রধান আসামি ঘাতক নূর হোসেনের ভাই নূর ছালামকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার নূর সালামের বিরুদ্ধে বৈষম্য বিরোধী দু'টি হত্যাসহ মোট আটটি মামলা রয়েছে বলে সূত্রে জানা যায়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে থানা এলাকার নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, হত্যাসহ তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলেই নূর ছালামকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যার ঘটনায় তার বোন রেহেনা বেগমের দায়ের করা মামলার এজহারভূক্ত আসামী নূর ছালাম।
গ্রেপ্তারকৃত নূর ছালাম সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই এবং নাসিক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শাহ জালাল বাদলের বাবা।