ওসমান হাদি নিহত, সন্দেহভাজন ভারতে পালিয়েছে
প্রকাশিত: 18 Dec, 2025
বৃহস্পতিবার রাত ৯টা ৪৪ মিনিটে ওসমান হাদির ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে বিজয়নগর বক্সকালভার্ট রোডে নির্বাচনি প্রচার চালিয়ে সোহরাওয়ার্দি উদ্যানে যাওয়ার পথে তিনি গুলিবিদ্ধ হন।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ তাকে গুলি করে পালিয়ে যান বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, হাদিকে গুলি করার ১২ ঘণ্টার মধ্যেই ফয়সাল ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।
এ সময় তার সঙ্গে মোটরসাইকেল চালক আলমগীর শেখও ছিলেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফয়সাল ও আলমগীর দুজনিই এখন মহারাষ্ট্রে অবস্থান করছেন। তারা এখন বাংলাদেশের সিম ব্যবহার করছেন না এবং ভারতের সিম দিয়ে মোবাইল ফোন চালাচ্ছেন।
তবে তাদের ফোন বেশিরভাগ সময় বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। ওসমান হাদির মৃত্যুকে ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় শহীদ হিসেবে বর্ণনা করা হয়েছে তার ফেসবুক পোস্টে।