জাতীয়

শরিফ ওসমান হাদির মৃত্যু, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ

প্রকাশিত: 19 Dec, 2025

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

শরিফ ওসমান হাদির মৃত্যু, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শরিফ ওসমান হাদি ১৯৯৩ সালে ঝালকাঠির নলছিটি উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মাওলানা আব্দুল হাদি নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক ছিলেন। পরিবারের ছয় ভাইবোনের মধ্যে হাদি ছিলেন সর্বকনিষ্ঠ।

তিনি নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসায় তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরে নেছারাবাদ কামিল মাদরাসা থেকে আলিম পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে উচ্চশিক্ষা নেন। রাজধানীর রামপুরা এলাকায় বসবাস করতেন হাদি, যিনি ব্যক্তিজীবনে এক পুত্রসন্তানের বাবা ছিলেন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে গড়ে ওঠা আন্দোলনে ওসমান হাদি সামনের সারির যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেন। রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং জুলাই শহিদদের অধিকার রক্ষা, ভারতীয় আধিপত্যবাদবিরোধী অবস্থানসহ বিভিন্ন ইস্যুতে সক্রিয় ছিলেন।

গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে তিনি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম 'ইনকিলাব মঞ্চ' প্রতিষ্ঠা করেন। সংগঠনটির লক্ষ্য ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা কায়েম করা।

দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) থেকে এমপি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন হাদি। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত দুর্বলতার সমালোচনা করে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন।

ওসমান হাদি বিএনপি বা পুরানো ধারার রাজনীতির কঠোর সমালোচক ছিলেন। তার মতে, পুরানো ধারায় রাজনীতি করে কেউ ক্ষমতায় এলে তারা বেশিদিন টিকতে পারবে না। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ধাঁচ ও তার আপসহীন স্বভাব রাজনীতির মাঠে তার মানসিক রসদ হিসেবে কাজ করেছে বলে তিনি একাধিকবার উল্লেখ করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন: