আরাকান আর্মির হাতে সেন্টমার্টিনে ১৩ জেলে আটক
প্রকাশিত: 23 Dec, 2025
বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে মাছ শিকারের সময় দু'টি নৌকাসহ ১৩ জেলেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি আটক করে নিয়ে গেছে। মঙ্গলবার সকাল ও দুপুরের দিকে পৃথকভাবে মিয়ানমারের মংডু সংলগ্ন সেন্টমার্টিনের অদূরে সাগর থেকে তাদের আটক করা হয়েছে।
আটক জেলেরা হলেন সেন্টমার্টিনের বাসিন্দা নূর মোহাম্মদ (৬০), মো. হামিদ হোসেন (৪৫), জসিম উদ্দিন (১৮), মো. হারুন মিয়া (৪০), শামলাপুরে বাসিন্দা মো. হাবিবুল্লাহ (৬০) ও তার ছেলে মো. হাসেম (১৫)। বাকি ৭ জনের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় জেলে আলাউদ্দিন জানান, মঙ্গলবার সকালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে মিয়ানমারের মংডু সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেরা মাছ শিকারে নিয়োজিত ছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৬ জন জেলেকে আটক করে নিয়ে যায়। নৌকায় থাকা মাছ ও জালও তারা জব্দ করে।
পরে একই দিন দুপুর ১২টার দিকে মাছ ধরে ফেরার পথে আরও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৭ জন জেলেকে আরাকান আর্মির সদস্যরা আটক করে নিয়ে যায়। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, স্থানীয় জেলেদের সূত্রে তিনি জানতে পেরেছেন যে সেন্টমার্টিন ও শামলাপুর এলাকার ৬ জন জেলেকে আরাকান আর্মি আটক করে।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, জেলে আটক হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ তাকে অবগত করেনি। তবে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।