রাজনীতি
স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি: নাহিদ ইসলাম
প্রকাশিত: 26 Mar, 2026
ফন্ট সাইজ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। আর পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে আবারও রক্ত ও জীবন দিতে হয়েছে। আমরা চাই, সামনে যাতে আর এমন না হয়।’
আজ বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিনে স্বাধীনতার সপক্ষে যারা ছিলেন, শহীদ হয়েছিলেন এবং যেসব মা-বোন বীরাঙ্গনা হয়েছেন, তাদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের যে আকাঙ্ক্ষা এবং ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা এখন সে লক্ষ্যেই কাজ করছি।’