রাজনীতি

সরকারের গানম্যান প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ডাকসু ভিপি

প্রকাশিত: 22 Dec, 2025

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

সরকারের গানম্যান প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ডাকসু ভিপি

সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করে সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান।

সাদিক কায়েম বলেন, সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে গানম্যান সংক্রান্ত বিষয়ে তাকে অবহিত করা হয়, কিন্তু তিনি এই প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে খুনি হাসিনার পতনের পর জনগণের আকাঙ্ক্ষা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন ঘটবে। কিন্তু বাস্তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির মদদে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে।

ভিপি সাদিক আরো বলেন, একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াবে, তাদের হাতে ওসমান হাদিরা শহীদ হবেন, অথচ খুনিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের প্রস্তাব আসবে। এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে তার দ্বিধা হচ্ছে।

তিনি বলেন, নিঃসন্দেহে সবার নিরাপত্তা প্রয়োজন, তবে সেই নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ থাকে, তাহলে তা ইনসাফপূর্ণ হয় না। দেশের আপামর মানুষের জন্য একটি নিরাপদ ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণই তাদের দাবি। দেশের ছাত্র-জনতা এখনো অনিরাপদ অবস্থায় রয়েছে, তখন কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে তিনি বর্তমানে নিজের জন্য সঠিক মনে করছেন না।

এই পোস্টটি শেয়ার করুন: