পিরোজপুরে সাঈদীর দুই ছেলেসহ ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ
প্রকাশিত: 03 Jan, 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলেসহ ১১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, তিনজনের মনোনয়ন বাতিল ও দুইজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।
শনিবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সাঈদ পিরোজপুর-১, পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসনের জন্য আলাদাভাবে এই ঘোষণা দেন। বৈধ প্রার্থীদের মধ্যে পিরোজপুর-১ আসনে বিএনপির অধ্যক্ষ আলমগীর হোসেন ও জামায়াতের মাসুদ সাঈদী রয়েছেন। পিরোজপুর-২ আসনে বিএনপির আহমেদ সোহেল মঞ্জুর সুমন, জামায়াতের শামীম সাঈদী, এবিপির ফয়সাল খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির মহিবুল হাসান অন্তর্ভুক্ত। পিরোজপুর-৩ আসনে বিএনপির রুহুল আমিন দুলাল, জাতীয় নাগরিক পার্টির শামীম হামিদি, ইসলামী আন্দোলন বাংলাদেশের রুস্তম আলী ফরাজী ও জাসদের করিম শিকদার বৈধ ঘোষিত হয়েছেন।
বাতিল প্রার্থীরা হলেন পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মো. মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. তৌহিদুজ্জামান। মাহমুদ হোসেন ঋণখেলাপী থাকায় এবং বাকি দুইজনের ভোটার তথ্যে গড়মিলের কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। স্থগিত প্রার্থীরা হলেন পিরোজপুর-৩ আসনের জামায়াতের মো. আ. জলিল শরীফ ও জাতীয় পার্টির মো. মাশরেকুল আজম রবি, যাদের কাগজপত্রে ঘাটতি রয়েছে। আগামীকাল সকাল ১০টার মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ সাপেক্ষে তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার তিন আসন থেকে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন, যার মধ্যে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।