ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে, ২৬৮ আসনে লড়ার ঘোষণা
প্রকাশিত: 16 Jan, 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন জোটে না থাকার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ২৬৮টি সংসদীয় আসনে এককভাবে নির্বাচন করবে বলে জানিয়েছে।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেন, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন কাজ করে আসছি, আমরা এ থেকে বিচ্যুত হতে পারি না।
গাজী আতাউর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন নির্বাচনে ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে, যার মধ্যে আপিলে দুইজন বাতিল হয়েছে। বাকি ২৬৮ জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।
জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী জোটে গত বৃহস্পতিবার রাতে আসন সমঝোতার ঘোষণা দেয়া হয়। সে অনুযায়ী ১৭৯টি আসনে দাঁড়িপাল্লা, ৩০টিতে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, এবি পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে লড়বে।
আসন সমঝোতার ঘোষণার সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন উপস্থিত ছিল না। বাকি আসনগুলো তাদের জন্য বরাদ্ধ রাখা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তার আগে জামায়াতের কার্যালয়ে ইসলামী আন্দোলনের অনুপস্থিতিতে প্রায় চার ঘণ্টার বৈঠক করে ১০ দল, যেখানে ৫০টি আসন হাতপাখার প্রার্থীদের জন্য রাখা হয়েছিল বলে জানা গিয়েছিল।
জামায়াতের নেতৃত্বাধীন জোটে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে আসন সমঝোতার আলোচনার শুরু থেকেই শতাধিক আসনের প্রত্যাশা করেছিল ইসলামী আন্দোলন। তবে জোটের সিদ্ধান্তে প্রত্যাশার অর্ধেকেরও কম আসন দেয়ার কথা উঠলে দলটি বেঁকে বসে। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, তাদের ১৪০টির বেশি আসনে 'এ' গ্রেড প্রার্থী রয়েছেন, ফলে তাদের সর্বশেষ প্রত্যাশায় ছিল অন্তত অর্ধশত আসনের বেশি।