জামায়াতকে দাজ্জালের সাথে তুলনা করলেন ছাত্রদল নেতা হামিম
প্রকাশিত: 30 Jan, 2026
জামায়াতকে দাজ্জালের সাথে তুলনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহবায়ক শেখ তানভীর বারী হামিম। তিনি বলেন, 'এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম দেখিয়ে জামায়াত দাজ্জালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শয়তান দেখলে আউযুবিল্লাহ আর জামায়াত শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে।'
শুক্রবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে ছাত্রদলের জেন-জি কার্নিভালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 'আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ যদি আমার সাথে কাউকে শরিক করা আমি পছন্দ করি না। পৃথিবীর কোন বান্দা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাই তাহলে আমার ইবাদত, তোমরা অন্য কাউকে শরিক করো না।'
তিনি উল্লেখ করেন, 'আপনার সকলেই জানেন পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব ঘটবে। এই দাজ্জাল যখন পৃথিবীতে আবির্ভাব হবে সে এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে। কিন্তু সে যে হাতে জান্নাত দেখাবে সেটা হলো প্রকৃত জাহান্নাম।'
কয়েক হাজার তরুণদের নিয়ে জেন-জি কার্নিভালে ধানের শীষে ভোট চেয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান, শেখ নুর উদ্দিন আবির, তানভীর আল হাদী, জাহিন বিশ্বাস এশা প্রমুখ।
স্থানীয় ছাত্রদলের আয়োজনে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় জেন-জি কার্নিভাল।