রাজনীতি

শান্তি কমিটি গঠন নিয়ে বিএনপির অভিযোগ অসুস্থতার লক্ষণ: জামায়াত

প্রকাশিত: 01 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

শান্তি কমিটি গঠন নিয়ে বিএনপির অভিযোগ অসুস্থতার লক্ষণ: জামায়াত

শান্তি কমিটি গঠন নিয়ে বিএনপির অভিযোগকে অসুস্থতার লক্ষণ বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, 'পাড়া-মহল্লায় জামায়াত শান্তি কমিটি গঠন করছে' এমন দাবি সুস্থ মস্তিষ্ক থেকে আসতে পারে না।

মাহবুব জুবায়ের আরও বলেন, 'কোনো সুস্থ দল বা ব্যক্তি এমন দাবি করতে পারে না। আমাদের প্রতি জনগণের ব্যাপক সমর্থন দেখে একটি গোষ্ঠী ভয়ের কারণে এসব কথা বলছে। এটি সুস্থতার লক্ষণ নয়। আমরা তাদের সুস্থতা কামনা করি।'

দেশের বিভিন্ন এলাকায় জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগে আজ রোববার দলটির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। পরে সাংবাদিকদের এসব কথা বলেন মাহবুব জুবায়ের।

এর আগে দুপুরে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল সিইসি, দুই নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিবের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বিএনপি জানায়, বিভিন্ন এলাকায় শান্তি কমিটি গঠন করা হবে আলোচনা শুনেছি।

মাহবুব জুবায়ের বলেন, 'বাড়ি বাড়ি গিয়ে প্রচারণার সময় জামায়াতের নারী কর্মীরা সাইবার বুলিং ও শারীরিক হামলাসহ নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। তাদের হিজাব ও নিকাব জোরপূর্বক খুলে দেওয়া হয়েছে। তারা এখনো হুমকি পাচ্ছেন।'

তিনি আরও বলেন, 'আমরা এসব ঘটনার বিষয়ে স্থানীয়ভাবে, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে অবহিত করেছি। বারবার এমন ঘটনায় দেশের নারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজন। আমাদের ভোটারের অর্ধেকই নারী। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব।'

এই পোস্টটি শেয়ার করুন: