জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম নয় প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবে
প্রকাশিত: 02 Feb, 2026
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী আমিরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা পরিষ্কারভাবে বলেছে, তারা ক্ষমতায় যেতে পারলে তারা ইসলাম অনুযায়ী নয় প্রচলিত আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে।
সোমবার ( ২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর হাই স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
রেজাউল করীম বলেন, নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর আদর্শ সর্বপ্রথম আমাদের দেখতে হবে। এখানে বিএনপিসহ তাদের জোট, যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, সেইনুযায়ী দেশ প্রায় ৫৪ বছর পর্যন্ত চলছে। তাদের নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র। যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন এবং আমেরিকা।
তিনি আরও বলেন, জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারাও বিভিন্ন সময়ে প্রচলিত আইনেই দেশ পরিচালনার কথা বলেছেন। তাই প্রচলিত আইনের মাধ্যমে আমাদের দেশ যে ৫৪ বছর চলছিল, আবার নতুন করে এই নীতি আদর্শের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয়, তাহলে আমরা বাংলাদেশের মানুষ শান্তি বা মুক্তি পাবো, এটা চিন্তাও করা যায় না বলেও মন্তব্য করেন মুফতি রেজাউল করীম।
এছাড়াও বাংলাদেশের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠার জন্য একটাই বাক্স ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেও মন্তব্য করেন তিনি।
/এনএ/এসআইএন
মন্তব্য করুন