রাজনীতি

গণভোটে চার প্রশ্ন, 'হ্যাঁ' ভোটে সংবিধান সংস্কার পরিষদ গঠন

প্রকাশিত: 12 Dec, 2025

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

গণভোটে চার প্রশ্ন, 'হ্যাঁ' ভোটে সংবিধান সংস্কার পরিষদ গঠন

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিনই একটি ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হবে, যেখানে চারটি বিষয়ে একটিমাত্র প্রশ্নে 'হ্যাঁ' বা 'না' ভোট দিতে পারবেন ভোটাররা।

গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট 'হ্যাঁ' সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই গণভোট জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সম্মতি নেওয়ার জন্য আয়োজন করা হচ্ছে।

গণভোটে প্রশ্ন থাকবে: আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন? প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন, দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠন, নারী প্রতিনিধি বৃদ্ধি ও মৌলিক অধিকার সম্প্রসারণসহ ৩০টি বিষয়।

গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা জানান, গণভোটে 'হ্যাঁ' ভোট বেশি হলে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে।

সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন: