হাদি গুলিবিদ্ধ, ঢামেকে মির্জা আব্বাসের বিরুদ্ধে বিক্ষোভ
প্রকাশিত: 12 Dec, 2025
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশা করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে। বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছিল।
ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশা করে যাওয়ার সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তার ওপর গুলি চালায়। তার বাম কানের নিচে গুলি লাগে এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর তাকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়।
বিকেল ৪টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের বিএনপি–মনোনীত প্রার্থী মির্জা আব্বাস হাদিকে দেখতে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখানে পৌঁছেই ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদীর সমর্থকরা তার বিরুদ্ধে 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে শুরু করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা মির্জা আব্বাসের দিকে তেড়ে যান। সেনাবাহিনীর সদস্যরা দ্রুত তাকে নিরাপত্তা দিয়ে হাসপাতালে ভেতরে প্রবেশ করান। বাইরে ইনকিলাব মঞ্চের কর্মীরা তখনও নানা ধরনের স্লোগান দিতে থাকেন।