হাদির মস্তিষ্কে গুলি ঢুকে বেরিয়ে গেছে: স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি
প্রকাশিত: 13 Dec, 2025
ওসমান হাদির মস্তিষ্কে গুলি ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফর। তিনি বলেন, হাদির অবস্থা খুবই সংকটাপন্ন।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে সাংবাদিকদের এ কথা জানান আবু জাফর। তিনি বলেন, ঢাকা মেডিকেলে অস্ত্রোপচার শেষে পরিবারের সিদ্ধান্তে হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
হাদিকে হাসপাতালে আনার সময় তার গ্লাসগো কোমা স্কেল ছিল সর্বনিম্ন, যা ৩ থেকে ১৫ পর্যন্ত থাকে। চিকিৎসকের চেষ্টায় তার অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি এখন কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্রে আছেন।
আবু জাফর আরও বলেন, গুলি কানের ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে গেছে। গুলির আঘাতের কারণে মস্তিষ্ক ফুলে গিয়ে চাপ বেড়েছে, যা অত্যন্ত ক্ষতিকর।
এ অবস্থা রোধে নিউরো সার্জন ডা. জাহিদ রায়হান ও তার টিম মস্তিষ্কের খুলি বড় করে খুলে দিয়েছেন। নাক ও গলা দিয়ে কিছু রক্তক্ষরণ হচ্ছিল, যা সংশ্লিষ্ট চিকিৎসকরা ঠিক করে দিয়েছেন।
সরকারিভাবে হাদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।