মোসাদের নতুন প্রধান হিসেবে রোমান গোফম্যানের নিয়োগ
প্রকাশিত: 13 Apr, 2026
মেজর জেনারেল রোমান গোফম্যানকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরবর্তী প্রধান হিসেবে মনোনীত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ার পাঁচ বছরের মেয়াদ শেষে আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন গোফম্যান, যিনি বর্তমানে সংস্থাটির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে মতভেদ
নেতানিয়াহু রোববার (১২ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে গোফম্যানের ভূয়সী প্রশংসা করেছেন এবং বলেন, 'তিনি একজন অসাধারণ কর্মকর্তা, সাহসী এবং সৃজনশীল প্রতিভার অধিকারী।' নেতানিয়াহু চলমান ইরান যুদ্ধে গোফম্যানের অবদানের প্রশংসা করে বলেন, 'তিনি গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে দূরদর্শিতা এবং উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিয়েছেন।'
প্রতিরক্ষা প্রধান আইয়াল জামিরও গোফম্যানকে যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, 'তার একটি গৌরবময় সামরিক কর্মজীবন ছিল এবং তিনি সব দিক থেকে একজন চমৎকার এবং যোগ্য ব্যক্তি।'
তবে, বর্তমান মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এই নিয়োগের বিরোধিতা করেছেন। তার মতে, গোফম্যান ক্ষমতার অপব্যবহার করতে পারদর্শী। এছাড়া ওরি এলমাকায়েসের পক্ষ থেকে নিয়োগের বিরুদ্ধে তীব্র সমালোচনা আসছে, যিনি গোফম্যানের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তার নির্দেশেই গোপন তথ্য পাচারের এক অননুমোদিত অভিযানে এলমাকায়েসকে জড়ানো হয়েছিল। এলমাকায়েস গোফম্যানের নিয়োগকে 'হাস্যকর' ও 'ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি' আখ্যা দিয়ে এই নিয়োগ বাতিলের দাবিতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
টুডে/বা