দূর্গাপুরে নতুন রাস্তার পিচ উঠে যাওয়ার অভিযোগ
প্রকাশিত: 12 Apr, 2026
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় একটি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সদর ইউনিয়নের মাকড়াইল বাজার থেকে চারিয়া গ্রাম পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণকাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হতে না হতেই বিভিন্ন স্থানে পিচ উঠে যাওয়ার দৃশ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতের স্পর্শে রাস্তার কার্পেটিং উঠে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুরু থেকেই নিম্নমানের ইট, খোয়া ও নামমাত্র বিটুমিন ব্যবহার করা হয়েছে। এলাকাবাসী কাজের মান নিয়ে বারবার আপত্তি জানালেও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরাফাত এন্টারপ্রাইজ তা আমলে নেয়নি। বর্তমানে সড়কের বিভিন্ন অংশে হাত দিয়ে টান দিলেই পিচসহ কার্পেটিং উঠে আসছে, যা কাজের চরম অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রমাণ বলে তারা দাবি করেছেন।
এলাকাবাসীর দাবি, সরকারি অর্থ অপচয় রোধে দ্রুত এই সড়কটি সঠিকভাবে পুনরায় নির্মাণ করা হোক। উদ্ভূত পরিস্থিতিতে সমালোচনার মুখে কাজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। দুর্গাপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, কার্পেটিং কাজে কিছু ত্রুটি পরিলক্ষিত হওয়ায় আপাতত নির্মাণকাজ স্থগিত রাখা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় সব উপকরণ ব্যবহার করে সিডিউল অনুযায়ী সঠিকভাবে কাজ সম্পন্ন করার জন্য।
আরও পড়ুন: হাত দিয়ে ওঠানো যাচ্ছে যবিপ্রবির সড়কের কার্পেটিং, শিক্ষার্থীদের ক্ষোভ
অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মনিরুজ্জামান খান অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, অফিসের নিয়মিত তদারকিতেই যথাযথ নিয়ম মেনে কাজ করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, এলাকাবাসীর কিছু অনৈতিক আবদার পূরণ না করায় তারা ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে পিচ তুলে অপপ্রচার চালাচ্ছে।
যদি স্থানীয় প্রকৌশল বিভাগ তদন্তে কোনো প্রকৃত অনিয়ম খুঁজে পায়, তবে যেকোনো শাস্তি মেনে নেওয়ার কথাও জানান তিনি। এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে এক কোটি ৩৮ লাখ পাঁচ হাজার টাকা ব্যয়ে এই সড়ক সংস্কারের কার্যাদেশ পায় ‘মেসার্স তাজ উদ্দিন ফরাস’ নামের একটি প্রতিষ্ঠান। মূল প্রতিষ্ঠানের পক্ষে কাজটি বাস্তবায়ন করছে মেসার্স আরাফাত এন্টারপ্রাইজ। চলতি বছরের আগস্ট মাসে এই প্রকল্পের কাজের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে কাজ শেষ হওয়ার আগেই সড়কটির বেহাল দশা নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: নির্মাণকাজ শেষ না হতেই সংযোগ সড়ক ধসে দুই গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
টুডে/জা