নাছির চৌধুরীর কাছে হার মানলেন মোহাম্মদ শিশির মনির
প্রকাশিত: 12 Feb, 2026
সারাদেশে অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা পর্ব।
এরই মধ্যে সুনামগঞ্জ-২ আসনে বিপুল ভোট পেয়ে বিজয়ী হওয়ার পথে বিএনপি প্রার্থী সাবেক এমপি নাছির চৌধুরী। স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এই আসনের মোট ভোট কেন্দ্র ১১১ টির মধ্যে ৮২ টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি প্রার্থী নাছির চৌধুরী বিপুল ভোটে এগিয়ে আছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ৭২,২৮৯ ভোট পেয়েছেন।
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির (দাঁড়িপাল্লা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪২, ৪৬৭ ভোট।
এদিকে সম্ভাব্য বিএনপি বিজয়ীপ্রার্থী নাছির চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির। নিজের ফেসবুক পেজে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন তিনি।
উল্লেখ্য, সুনামগঞ্জ-২ আসন প্রতিদ্বন্দ্বীতা করেছেন বিএনপি, জামায়াত, সিপিবিসহ ৩ জন প্রার্থী। এই আসনের ভোটার ৩ লক্ষ ৩ হাজার ২৫১ জন। এই আসনের দুই উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ভোটকেন্দ্র রয়েছে ১১১টি।
আরটিভি/এমআই